জেনেশুনে কেন প্রতারণায় সামিল হলেন জ্যাকুলিন?
- আপডেট সময় : ০৫:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকার জালিয়াতির মামলায় জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিল্লি হাইকোর্টে হাজিরা দিতে যান অভিনেত্রী।
এদিন জ্যাকুলিনের বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ হয়ে যায়। তবে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে যুক্তি দিয়েছে। তাদের দাবি, ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত জ্যাকুলিন জেনেশুনে সুকেশের সঙ্গে প্রতারণাতে অংশ নিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে আদালতে দেওয়া ইডির ভাষ্যমতে, জ্যাকুলিন ফার্নান্দেজ সুকেশের সাথে আর্থিক লেনদেনের সত্যতা কখনোই প্রকাশ করেননি এবং তথ্য সবসময় গোপন রেখেছেন। তিনি আজ পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি। এটাও সত্য যে সুকেশ চন্দ্রশেখরকে গ্রেফতার করার পর জ্যাকুলিন তার মোবাইল থেকে পুরো ডাটা মুছে দিয়েছিলেন, যা প্রমাণ নষ্টের সামিল। তিনি তার সহকর্মীদের প্রমাণ নষ্ট করার নির্দেশ দেন।
তদন্তকারী সংস্থা হলফনামায় আরও বলেছে যে অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লাখ ১১ হাজার ৯৪২ রুপির শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার ট্রান্সফারের অনুরোধ করেছিলেন।
ইডি-র হলফনামায় আরও বলা হয়েছে যে অভিনেত্রী তার বক্তব্য রেকর্ড করার সময় ইচ্ছাকৃতভাবে নিজের থেকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। যাতে তদন্তে বিভ্রান্ত করা যায়। তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের আসল নাম জানেন সেকথা অস্বীকার করেছিলেন। যা পরবর্তীতে মিথ্যা বলে প্রমাণিত হয়।

















