চৌদ্দগ্রামে ৫৬ কেজি গাঁজা ও ৩৮৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন আটক
- আপডেট সময় : ০৭:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২৮৭ বার পঠিত

কুমিল্লা ব্যুরো :
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব-১১ ও পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার মিরশানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে মো: হাশেম (২৬) ও একই গ্রামের মো: মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১)।
এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিকসা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
অন্যদিকে, পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মো: লিটন মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকার ইদন আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা তাকিয়া আমগাছ এলাকার কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে বিশেষ অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় লিটনের অপর দুই সহযোগি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের অভিযানে ৫৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়। এ সময় তার সহযোগি অপর ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
















