কেরালার নাম বদলে ‘কেরালম’
- আপডেট সময় : ০২:৫৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১১ বার পঠিত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে ‘কেরালম’ করা হয়েছে। নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ আগস্ট ২০২৬ থেকে নতুন নামটি কার্যকর হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। সংশ্লিষ্ট আইনের ১ নম্বর ধারার ২ নম্বর উপধারায় দেওয়া ক্ষমতাবলে কেন্দ্র সরকার এ বিষয়ে কার্যকর তারিখ নির্ধারণ করে।
এর আগে চলতি আগস্ট মাসেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেরালার নাম পরিবর্তনসংক্রান্ত বিলে সম্মতি দেন। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হয়। এরপর নতুন নাম কার্যকরের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হয়।
নাম পরিবর্তনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ১১ আগস্ট ভারতের লোকসভায় কেরালা (নাম পরিবর্তন) বিলটি অনুমোদিত হয়। এর পরদিন অর্থাৎ ১২ আগস্ট রাজ্যসভাতেও বিলটি পাস হয়। দুই কক্ষের অনুমোদনের পর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ায় আইনগতভাবে নাম পরিবর্তনের পথ সম্পন্ন হয়।
রাজ্যসভার আলোচনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কেরালার নাম পরিবর্তনের উদ্যোগটি নতুন নয়। ২০২৪ সালে কেরালা বিধানসভায় রাজ্যের নাম ‘কেরালম’ করার পক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। ওই প্রস্তাবের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় আইন প্রণয়নের অনুরোধ জানানো হয়।
পরে কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। নতুন আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কেরালা রাজ্য এখন থেকে ‘কেরালম’ নামে পরিচিত হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের বক্তব্য অনুযায়ী, রাজ্য বিধানসভার প্রস্তাব এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার ধারাবাহিকতায় কেরালার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন এবং কেন্দ্রীয় বিজ্ঞপ্তি জারির পর ২৫ আগস্ট থেকে পরিবর্তিত নামটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

























