ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭
- আপডেট সময় : ০৪:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪০ বার পঠিত

ইরানে সামরিক স্থাপনার পাশাপাশি এবার প্রথমবারের মতো সেতু, রেলস্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বিমানবন্দরের মতো বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতের ওই বিমান অভিযানে অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইরানের অন্তত তিনটি সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ক্ষতিগ্রস্ত সেতুর সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাসসহ হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকায় বড় পরিসরে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত তিনটি সেতুই বন্দর-ই খামির শহরে অবস্থিত। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন ও একটি বিদ্যুৎকেন্দ্রও হামলার শিকার হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, হরমুজগান প্রদেশে সড়ক, রেলপথ এবং বিমানবন্দরকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ দাবি করেছে, হরমুজগান প্রদেশের ইরানশাহর এলাকার একটি বিমানবন্দর হামলায় ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে কিশ দ্বীপে পরিচালিত বিমান অভিযানের কারণে প্রদেশের কয়েকটি এলাকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়।
সাম্প্রতিক এই হামলার মাধ্যমে ইরানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের ষষ্ঠ দিন পূর্ণ হলো।
এর আগে ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তিতে সম্মত না হয়, তাহলে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হতে পারে।
ওই সতর্কবার্তার মাত্র দুই দিন পরই ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় এই হামলা চালানো হলো, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
























