অভিষেকের চোখে ঐশ্বরিয়া একজন ‘সুপারমম’
- আপডেট সময় : ০৬:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। এই তারকা দম্পতি যতবারই বিবাহবিচ্ছেদের গুজব উঠেছে, ততবারই মিথ্যাবাদীদের ভুল প্রমাণ করেছেন। এদিকে অভিষেককে ঐশ্বরিয়ার মাতৃত্ব নিয়ে কথা বলতে শোনা গেছে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ব্রেকআপের গুজবের মধ্যে অভিষেকের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতার মুখে শোনা গেছে, মা হিসেবে ঐশ্বরিয়া কেমন।
সাক্ষাৎকারে অভিষেক বলেন, মা হিসেবে ঐশ্বরিয়া সেরা। আমার চোখে সে ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকেই তিনি তাকে পুরো সময় দিয়েছেন।
অভিনেতা আরও বলেন,একটা দিনের জন্যও কোনো অভিযোগ করতে শুনিনি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায়। সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই লাগত।
জানা গিয়েছে, আরাধ্যা সব সময় মায়ের সঙ্গেই থাকে। আরাধ্যাকে সব জায়গায় মায়ের হাত ধরে থাকতে দেখা যায়। মেয়ের জন্মের পর কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া। তবে আরাধ্যার জন্মের পর ওজন অনেক বেড়ে গেলে অনেক কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে।
গত কয়েক মাস ধরে কানাঘুষা শোনা যাচ্ছিল যে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক সত্যিই ফাটল ধরেছে। যদিও বচ্চন পরিবারের কেউই এ নিয়ে মুখ খোলেননি।
অভিষেক-ঐশ্বরিয়া ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন। প্রাক্তন বিউটি কুইন ইতিমধ্যে বচ্চন পরিবারে ১৫ বছরেরও বেশি সময় কাটিয়েছেন। ২০১১ সালে, তাদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চনের জন্ম হয়।

















