৩২ হাজার অডিশন পেরিয়ে ডিজনির ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন, কে এই নতুন তারকা?
- আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ বার পঠিত

ডিজনির বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন চলচ্চিত্র ‘মোয়ানা’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের মতামত মিশ্র হলেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান তরুণী ক্যাথরিন লাগা’আইয়া। এটি তার প্রথম বড় পর্দার প্রধান চরিত্র, আর অভিষেকেই নিজের অভিনয় দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠেছে—কে এই ক্যাথরিন লাগা’আইয়া, যিনি ডিজনির এত জনপ্রিয় একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন?
২০০৬ সালের ১৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেন ক্যাথরিন কেটি লাগা’আইয়া। তার বাবা জে লাগা’আইয়াও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলা থেকেই বিনোদন জগতের পরিবেশে বেড়ে ওঠেন তিনি। তবে ডিজনির মতো আন্তর্জাতিক প্রযোজনায় জায়গা করে নেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল তার নিজস্ব প্রতিভা ও পরিশ্রমের।
সিডনির নিউটাউন হাই স্কুল অব দ্য পারফর্মিং আর্টস-এ পড়াশোনার সময় তিনি জানতে পারেন, লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ ছবির জন্য পলিনেশীয় বংশোদ্ভূত নতুন মুখ খুঁজছে ডিজনি। সুযোগটি কাজে লাগিয়ে অডিশনে অংশ নেন ক্যাথরিন। সেখানে প্রতিযোগিতা ছিল অত্যন্ত কঠিন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩২ হাজার তরুণী এই চরিত্রের জন্য অডিশন দিলেও শেষ পর্যন্ত সবার সেরা হিসেবে নির্বাচিত হন তিনিই।
চলচ্চিত্রটির শুটিংয়ের সময়ও তার শিক্ষাজীবন চলমান ছিল। ফলে শুটিংয়ের ব্যস্ততার মাঝেই শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ই-মেইলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এবং পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে হয়েছে তাকে।
সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিনের কাছে ‘মোয়ানা’ চরিত্রটি ছিল শুধু একটি অভিনয়ের সুযোগ নয়, বরং ব্যক্তিগত অনুভূতিরও অংশ। ছোটবেলা থেকেই এই চরিত্রের সঙ্গে নিজের সাংস্কৃতিক পরিচয়ের মিল খুঁজে পেতেন তিনি। তাই পর্দায় সেই চরিত্রকে জীবন্ত করে তোলার দায়িত্ব শুরুতে তার জন্য কিছুটা চাপের ছিল। তবে সহশিল্পী ডোয়েইন জনসন এবং পরিচালক থমাস কাইলের সহযোগিতায় ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পান তিনি।
২০১৬ সালে মুক্তি পাওয়া অ্যানিমেটেড ‘মোয়ানা’ প্রথম দেখার স্মৃতিও ভাগ করে নিয়েছেন ক্যাথরিন। তার ভাষায়, সেই সময় তিনি প্রথমবার অনুভব করেছিলেন, পর্দায় এমন এক রাজকুমারীকে দেখছেন, যার চেহারা ও সংস্কৃতির সঙ্গে নিজের পরিবারের মিল রয়েছে। গল্পের চরিত্রগুলোর মধ্যেও তিনি নিজের পরিবার ও শৈশবের পরিচিত পরিবেশের প্রতিফলন খুঁজে পেয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তাকে চরিত্রটির প্রতি আরও গভীরভাবে অনুপ্রাণিত করে।
বড় পর্দায় অভিষেকের আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মিনিসিরিজ ‘দ্য লস্ট ফ্লাওয়ার্স অব অ্যালিস হার্ট’-এর কয়েকটি পর্বে অভিনয় করেছিলেন ক্যাথরিন। তবে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি এনে দিয়েছে ‘মোয়ানা’।
চলচ্চিত্রটি মুক্তির পর অনেক সমালোচক ও দর্শকের মতে, ক্যাথরিন লাগা’আইয়া শুধু একটি জনপ্রিয় চরিত্রেই সফল হননি, বরং ভবিষ্যতে হলিউডের অন্যতম সম্ভাবনাময় নতুন মুখ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার ইঙ্গিত দিয়েছেন।

























