সারাদেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৮৬। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (১৭ ডিসেম্বর) থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ১৭৪ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে একজন ও ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৫৭৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৯ হাজার ৮৯৯ জন।
ডেঙ্গু রোগীদের মধ্যে, গত ২৪ ঘন্টায় ৩৪২ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮৯ জন ঢাকার বাসিন্দা এবং ২৫৩ জন ঢাকার বাইরে।
১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত, ৩,১৬,৩৩৩ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ১৫৬ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

























