মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আসছে ‘শিরিনের একাত্তর যাত্রা’
- আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকারি অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শিরিনের একাত্তর যাত্রা’ ছাড়পত্র পেয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক দীপক চৌধুরী। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য পরিচালকের নিজস্ব।
আগস্ট ১৯৭১। চারদিকে গোলাগুলি, অগ্নিসংযোগ, আতঙ্ক। এরপর তিন তরুণ-তরুণী শহর থেকে জীবন বাঁচাতে গোপালপুরে চলে আসে পূর্ব পরিচিত এক ধণাঢ্য গ্রামবাসীর বাড়িতে। তার নাম মুনির হোসেন। তারা জানতে পারে যে মুনীর হোসেন যার ভরসায় এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি মুক্তিযুদ্ধের বিরোধী। তিনি এখন শান্তি কমিটির নেতা। তার আদর্শ পাকিস্তান। কিন্তু মুনির হোসেনের একমাত্র মেয়ে কিশোরী শিরিন মুক্তিযোদ্ধা হয়ে দেশ স্বাধীন করতে চায়।
রাজাকার কমান্ডারের চোখ এড়িয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কি সম্ভব? তবে এ বাড়িতে আশ্রিতা তিনজনসহই শিরিনকে মুক্তিযুদ্ধে যেতে হবে। এই ওর পণ।
এভাবেই শিরিনের একাত্তরের যাত্রার গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। এতে অভিনয় করেছেন লাবণ্য চৌধুরী, সাদমান, তাহমিনা অথৈ, শহিদুল আলম সাচ্চু, শিরিন আলম, সাবিনা রণি, আমজাদ সুমন, মাস্টার তাফসীর প্রমুখ।

















