ভালোবাসার মৌসুমে আসছে অপুর ‘ট্র্যাপ’
- আপডেট সময় : ০৪:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভালোবাসার মৌসুমে টানা দুই সপ্তাহে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন অভিনেত্রী অপু বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’ ও ‘ট্র্যাপ’ নামের দুটি সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন নিরব ও জয় চৌধুরী।
আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে ‘ট্র্যাপ’ ছবিটি। এতে একসঙ্গে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। আজ সন্ধ্যায় মুক্তি পাবে সিনেমাটির ট্রেলার।
সিনেমাটির প্রসঙ্গে নায়ক জয় বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।
‘ট্র্যাপ’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এলআর খান শিমান্দো, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
অন্যদিকে, বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’-তে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।
বাঁধন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রযোজক সমিতির কাছে চিঠি দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে প্রচারণা শুরু করা হবে।’
দেশের চা শ্রমিকদের জীবন কাহিনী ও নানা টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রটি। নীরব-অপু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মী এবং আজম খান, মনিরুজ্জামান মিন্টুসহ আরও অনেকে।

















