প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়
- আপডেট সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ঐতিহাসিক জয় পেল ভারত মহিলা ক্রিকেট দল। ১৯৭৭ সাল থেকে এই ম্যাচ পর্যন্ত ভারত ১০ বার অসিদের মুখোমুখি হয়েছে। কিন্তু জেতা হয়নি। অবশেষে, আজ একমাত্র টেস্টে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে অসিদের ৮ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মেয়েরা।
আজ ম্যাচের চতুর্থ দিনের নাটকীয় শুরুতে অসিদের দ্বিতীয় ইনিংসের বাকি ৫ উইকেট তুলে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়া যখন ২৬১ রানে অলআউট হয়ে যায়, তখন ভারতের জয়ের লক্ষ্য ছিল মাত্র ৭৫ রান। স্বাগতিক ভারত সহজেই ৮ উইকেটে জয় পায়। ৬১ বলে ৩৮ রান করেন স্মৃতি মান্ধানা। রিচা ঘোষ ১৫ বলে ১২ রান করেন।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে তাহলিয়া ম্যাকগ্রেথ ১৭৭ বলে ৭৩ রান করেন। এছাড়া ৯১ বলে ৪৫ রানের ইনিংস খেলেন ইলিসি পেরি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্নেহা রানা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তাহলিয়া ম্যাকগ্রেথ ৫৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পূজা ভাস্ত্রকার।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ অর্ধশতকের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। স্বাগতিকরা প্রথম ইনিংসে ৪০৬ রান করে। ফলে ভারত ১৮৭ রানে এগিয়ে ছিল সফরকারীরা।
ওপেনার স্মৃতি মান্ধানা ১০৬ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১২টি চার মেরে ইনিংস শেষ করেন তিনি। রিচা ঘোষ ১০৪ বলে ৫২ রান (৭ চার) করেন।
এরপর জেমিমা রদ্রিগেজ ১২১ বলে ৭৩ রান করেন। ৮ নম্বরে ব্যাট করতে আসা দীপ্তি শর্মা সবচেয়ে বড় ইনিংস খেলেন (১৭১ বলে ৭৮ রান)। আরেক ব্যাটসম্যান পূজা ভাস্ত্রকার ১২৬ বলে ৪৭ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাশলে গার্ডনার।




















