পরী-বুবলীর ‘খেলা হবে’
- আপডেট সময় : ০২:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রায় ৯ বছরের কাছাকাছি অভিনয় ক্যারিয়ারের সঙ্গে যুক্ত রয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা পরীমণি ও শবনম বুবলী। কিন্তু একসঙ্গে কোনো সিনেমাতেই দেখা যায়নি তাদের। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তারা।
টিএম ফিল্মসের ব্যানারে ছবিটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। আগামী অক্টোবরেই শুরু হচ্ছে শুটিং। পরীমনি-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন মুশফিকুর রহমান। আরও আছেন আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চুসহ অনেকে।
‘খেলা হবে’ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা পরীমণি ও শবনম বুবলীকে। টিএম ফিল্মস ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।
একটি সূত্র জানায় আগামী অক্টোবরে ‘খেলা হবে’ সিনেমার শুটিং হওয়ার কথা আছে। সেভাবেই ইউনিট প্রস্তুতি শুরু করেছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি তথ্য মন্ত্রণালয়ে ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত অনুমতি দেওয়া হয়েছে।
গত রোববার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখা যায়। যেখানে পরিচালকসহ মোট ১২ জনকে শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার অনুমতির কথা জানানো হয়।
বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ভারতে ২৫ দিন শুটিং হবে। তবে এখন পর্যন্ত পরীমনি ও বুবলী গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
উল্লেখ্য, বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় ‘খেলা হবে’ সংলাপটি। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যের মাধ্যমে।
মমতা ব্যানার্জিকেও এই স্লোগান দিতে দেখা গেছে। এমনকি এ স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল। কদিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’তে ট্রেলারে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে ‘খেলা হবে’ সংলাপটি! এবার এই শব্দ দুটিকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের সিনেমা। সিনেমাটিতে কী ধরনের গল্প বলা হবে, সেটা এখনো জানা যায়নি।



















