নুসরাত ফারিয়ার পর এবার শেখ হাসিনার চরিত্রে অপু বিশ্বাস, নেবেন ১০০ টাকা পারিশ্রমিক!
- আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ৫১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রুপালি পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামের সিনেমায় অভিনয় করবেন তিনি। সেখানে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী। আর এই অভিনয়ের পারিশ্রমিক হিসেবে অপু নেবেন মাত্র ১০০ টাকা। এমনটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
তিনি আরও বলেন, ‘সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
একই তথ্য দিয়েছেন ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার পরিচালক সালমান হায়দার।
তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবারের কনিষ্ঠ সদস্য শেখ রাসেলের গল্প উঠে আসবে সিনেমাটিতে। এতে অপু বিশ্বাসের চরিত্রের নাম ‘হাসু’। এই চরিত্রে অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নিতে চাননি অপু। আমি তাকে নামেমাত্র ১০০ টাকায় সিনেমায় যুক্ত করেছি।
সালমান হায়দার বলেন, ‘ছবির প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। সব চরিত্রের জন্য অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়েছি। ’
শিগগিরই শুটিং শুরু হবে বলে জানান তিনি।
এদিকে নির্মিতব্য সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। দুটি নাম পছন্দ করেছেন নির্মাতা। একটি ‘শেখ রাসেলের আর্তনাদ’, অন্যটি ‘আমি মায়ের কাছে যাব’।

















