নারী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়, দাবায় ঢাকা বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক দলের খেলোয়াড়েরা। অন্যদিকে, দাবা ইভেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে চার দিনব্যাপী এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
নারী ফুটবলে রানার্সআপ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ইভেন্টে সাতটি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাছলিমা আক্তার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া। আর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিমা।
দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এ ইভেন্টে দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। সব মিলিয়ে প্রতিযোগিতায় ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন। দাবা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটাররা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, খেলাধুলায় আরও বেশি বিনিয়োগ করতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঙ্গে শেখার যে পরিবেশ একসময় ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। খেলাধুলাকে আবার জাগিয়ে তুলতে হবে এবং সারা দেশে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দের সঙ্গে শেখার পরিবেশ ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন তিনি।
উপাচার্য বলেন, দেশের আটটি বিভাগে স্পোর্টস সায়েন্স বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। আধুনিক ও বিশ্বমানের স্পোর্টস সায়েন্স বিভাগ প্রতিষ্ঠা তাঁদের স্বপ্ন। আন্তর্জাতিক মানের ক্রীড়া শিক্ষা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ ও অলিম্পিক মানের স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
এ ছাড়া দাবা, আর্চারি, গণিত ও ইংরেজি অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক আমানুল্লাহ। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মেয়েরা যেন সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী ও পরাজিত সব দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, খেলায় হার-জিত থাকবেই; অংশগ্রহণই সবচেয়ে বড় বিষয়। এবারের আয়োজনের সীমাবদ্ধতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে এর গুরুত্ব আরও বেড়েছে। খেলাধুলা এখন শুধু আনন্দ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। তরুণেরাই আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের দেশের ভবিষ্যতের আশার বাতিঘর হিসেবে অভিহিত করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং অ্যাথলেটিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরগুলোর পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।















