লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
- আপডেট সময় : ০২:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ২৫ বার পঠিত

ক্যানসারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের ওষুধ চোরাচালানের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৩।
গ্রেফতাররা হলেন- চীনা নাগরিক লি ফেন (৩৪), বাংলাদেশি নাগরিক বকুল নাহার বিথী (২৪), ইউনুস আলী (২৬) ও সজীব হাওলাদার (২৮)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ওষুধের পাশাপাশি ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে এসআরবি-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন। তিনি বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে ওষুধ পাঠানো এবং সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে এসআরবি-৩-এর একটি বিশেষ আভিযানিক দল উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের বাংলাদেশি ওষুধ ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দ করা ওষুধের ধরন, পরিমাণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, চীনা নাগরিক লি ফেন ২০২৪ সালের আগস্টে ৩০ দিনের টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই-তিন দিন আগে চীনে ফিরে গিয়ে এক-দুই দিনের মধ্যে আবার টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন।
অন্যদিকে গ্রেফতার বকুল নাহার বিথী ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের একটি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করেন। এ সময় তিনি চীনা ভাষা শেখেন। পরে বাংলাদেশে ফিরে বিভিন্ন চীনা নাগরিকের সঙ্গে দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন আরও বলেন, চক্রটি বাংলাদেশ থেকে তুলনামূলক কম দামে পাওয়া ওষুধ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠাত। বিশেষ করে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ পাচারের সঙ্গে চক্রটির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। কুরিয়ারে পাঠানোর জন্য ২৪ থেকে ২৫ কেজি ওজনের কার্টনে ওষুধ প্যাকেটজাত করা হতো।
ডিএইচএলসহ একাধিক কুরিয়ারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসআরবি-৩ এর অধিনায়ক জানান, ক্যানসারের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ বিদেশে পাচারের ঘটনায় ডিএইচএলসহ একাধিক কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানোর তথ্য পাওয়া গেছে। তবে অন্য কোনো কুরিয়ার সার্ভিস এ ঘটনায় জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, গ্রেফতার বকুল নাহার বিথীর নামে বিভিন্ন পার্সেল পাঠানোর তথ্য পাওয়া গেছে। তবে পার্সেলগুলোতে ওষুধের কথা উল্লেখ না করে সাধারণ পণ্য হিসেবে পাঠানো হতো।
দোভাষীর ভূমিকা নিয়ে সন্দেহ
চীনা নাগরিকের কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে দোভাষী হিসেবে বিথীর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে বিথী অনেক তথ্য গোপন করছেন এবং কিছু ক্ষেত্রে নিজের মতো করে তথ্য দেওয়ার চেষ্টা করছেন। এর মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আড়াল করার চেষ্টা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাওসে ১০০ কেজির চালান জব্দ
লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, গত ১৩ অক্টোবর লাওসের কাস্টমস কর্তৃপক্ষ কুরিয়ারে পাঠানো ১০০ কেজি ওজনের একটি চালান বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করে। সংশ্লিষ্ট চক্রটি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ না করেই ওষুধ পাঠাচ্ছিল।
এ ছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারী অধিক মুনাফার আশায় চক্রটির সঙ্গে যোগসাজশে অবৈধ ব্যবসায় জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




















