দুই বছরে ইসরায়েল ছাড়লেন ১ হাজার ৩৭০ চিকিৎসক
- আপডেট সময় : ০৩:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পঠিত

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত ১ হাজার ৩৭০ জন ইসরায়েলি চিকিৎসক ন্যূনতম ১২ মাসের জন্য দেশ ছেড়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ প্রকাশিত এই পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দেশত্যাগ করা ৭০৫ চিকিৎসকের তুলনায় সাম্প্রতিক সময়ে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বিদেশে যাওয়ার পর প্রথম বছরে টানা ২৭০ দিনের বেশি অবস্থান এবং পরবর্তী সময়ে টানা তিন মাসের বেশি ইসরায়েলে না থাকা চিকিৎসকদের দেশত্যাগী হিসেবে ধরা হয়েছে।
গবেষণার অন্যতম লেখক ইতাই আতির ‘হারেৎস’কে বলেন, সরকারের বিভিন্ন নীতির কারণে উচ্চদক্ষ পেশাজীবীদের দেশ ছাড়ার বিষয়ে অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিলেন। তাঁর মতে, বিচার বিভাগীয় সংস্কার নিয়ে বিতর্কের সময় চিকিৎসকদের দেশত্যাগের প্রবণতা শুরু হলেও ৭ অক্টোবরের হামাসের হামলা, পরবর্তী যুদ্ধ এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অংশগ্রহণের ক্ষেত্রে বৈষম্য পরিস্থিতিকে আরও গুরুতর করেছে।
গবেষণায় ৪৫ বছরের বেশি বয়সী চিকিৎসকদের দেশত্যাগের বিষয়টিও আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। দেখা গেছে, ২০২৩-২৫ সময়ে দেশ ছেড়ে যাওয়া চিকিৎসকদের প্রতি পাঁচজনের একজনের বয়স ছিল ৪৫ বছরের বেশি। গবেষণায় এই প্রবণতাকে বিশেষভাবে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করা হয়েছে, কারণ এ বয়সী চিকিৎসকেরা সাধারণত বিশেষজ্ঞ প্রশিক্ষণ সম্পন্ন করে নতুন চিকিৎসকদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
























