ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের
- আপডেট সময় : ০৪:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২০ বার পঠিত

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার বিভিন্ন বস্তি এলাকাকে ভারতের ‘নয়া দিল্লি’ হিসেবে প্রচার করার ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এ ধরনের অপপ্রচার ও বিকৃত তথ্য ছড়ানো রোধে অভিযুক্ত চীনা ভ্লগারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ঘটনাটিকে অত্যন্ত “দুর্ভাগ্যজনক” বলে আখ্যায়িত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “যেকোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন প্রচেষ্টা সত্যিই দুঃখজনক। ঢাকাকে দিল্লি হিসেবে চালিয়ে দেওয়ার জন্য বিদেশি ভ্লগারদের ব্যবহার করার চেষ্টা চলছে। কিন্তু এ ধরনের ভুয়া ও বানানো গল্প ছড়ানোর ফলে যারা এসব কাজ করছে এবং নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে, দিনশেষে তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাই নষ্ট হচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (বাংলাদেশ সরকার) কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, তারা যেন এসব অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেন।”
সাম্প্রতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদল চীনা ভ্লগার ও লাইভস্ট্রিমার কয়েক মাস ধরে ঢাকার বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকায় ঘুরে ঘুরে ভিডিও ধারণ করছিলেন। তারা একাধিক মোবাইল ফোন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গলি ও রাস্তায় লাইভ স্ট্রিমিং করেন।
এমনকি অনেক সময় সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘন করে ঘরবাড়িতেও ঢুকে পড়েন তারা। এরপর চীনা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেই ফুটেজ পোস্ট করে স্থানগুলোকে ‘নয়া দিল্লি’ বা ভারতের অংশ বলে প্রচার করা হতো।
মাসের পর মাস ধরে চীনা ভ্লগারদের এমন অদ্ভুত কর্মকাণ্ডে ঢাকার স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ফুটেজগুলো কোথায় এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে তা সাধারণ বাসিন্দাদের অজানা থাকায় তাদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর এমন ঘটনাকে নিরাপত্তা ও কূটনৈতিক দিক থেকেও স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে।





















