জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ২২০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৫ মার্চ ২০২৬ ।।
দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি বিশ্লেষণ এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং প্রথমে কিছু দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সৃষ্ট সংঘাত নতুন প্রশাসনের জন্য বড় ধরনের অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ তৈরি করেছে। এর প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে, পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য খাতেও সংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যা সরকারের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরিস্থিতির এই জটিল প্রভাব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত নন। এমন পরিস্থিতিতে সরকার কতটা প্রস্তুত, তা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। উদ্ভূত সংকট পর্যালোচনার জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান তার কার্যালয়ে এই জরুরি বৈঠকের আয়োজন করেন।

























