কেন ডিবি কার্যালয়ে অপু বিশ্বাস?
- আপডেট সময় : ০৬:৪৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তারা ডিবি কার্যালয়ে আসেন।
ডিবি সূত্র জানায়, তাপস ও অপু বিশ্বাস দুজনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিরসনে ডিবি কার্যালয়ে আসেন।
এদিকে গান বাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক জানান, কৌশিক হোসেন তাপসের অভিযোগের পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাসকে জরুরি ভিত্তিতে ডিবি কার্যালয়ে তলব করা হয়েছে। গত রোববার (১৭ ডিসেম্বর) তাপস এ অভিযোগ করেন।
কয়েকদিন আগে গানবাংলা টিভির চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, তাপসের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী বুবলী। তবে কিছুক্ষণ পর স্ট্যাটাসটি সরিয়ে দেন তিনি।
কয়েকদিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বুবলী। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের আয়োজনে পুরো ঘটনাটি পরিষ্কার করেন তাপস-মুন্নি।
কিন্তু ঘটনাটি নতুন মোড় নেয় ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন অপু বিশ্বাস একটি দীর্ঘ ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি অভিযোগের আঙুল তুলেছেন মুন্নির দিকে। আর বুবলীর প্রতি ঈর্ষা তো ছিলই।
অপুর ভিডিও বার্তার পর ওই দিনই (১৭ ডিসেম্বর) তাপস ডিবি কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁস করে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম নষ্ট করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ডিবি প্রধান হারুন অর রশিদ অপুকে তলব করেন।

















