‘কিছু রাত নিঃশব্দে এসে বদলে দেয় জীবন’—নতুন সিনেমা নিয়ে ঋতুপর্ণা
- আপডেট সময় : ০৩:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৪ বার পঠিত

টলিউডের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও দর্শকদের সামনে আসছেন ভিন্নধর্মী এক গল্প নিয়ে। সামাজিক বাস্তবতা ও কিছুটা নিষিদ্ধ বিষয়ের প্রেক্ষাপটে নির্মিত নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী ও ঋতুপর্ণার দীর্ঘদিনের বন্ধু চৈতি ঘোষাল। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে থেকেই টলিপাড়ায় গুঞ্জন ছিল যে চৈতি ঘোষালের প্রথম পরিচালিত ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। সম্প্রতি সিনেমাটির প্রচারঝলক প্রকাশের মধ্য দিয়ে সেই জল্পনার সত্যতা মিলেছে। সিনেমার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, “কিছু রাত নিঃশব্দে আসে, আর সবকিছু বদলে দিয়ে যায়। এমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।” ছবিটির আরেকটি আকর্ষণ হলো পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়ের অংশগ্রহণ। যদিও অভিনয়ে তিনি নতুন নন, তবে এবারই প্রথম মায়ের পরিচালনায় অভিনয় করেছেন। এই নতুন যাত্রায় অমর্ত্য ও চৈতির অন্যতম সহযাত্রী হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের খোঁজ করতে গিয়ে কলকাতার ঐতিহাসিক পার্ক স্ট্রিটের একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় ঘটে এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। ভিন্ন জীবনদর্শন, পেশা ও বাস্তবতায় বসবাসকারী কিছু মানুষের জীবনঘনিষ্ঠ গল্প নিয়েই এগিয়েছে ছবির কাহিনি। নির্মাতারা জানিয়েছেন, কলকাতার পরিচিত পার্ক স্ট্রিটকে এ ছবিতে এক নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে একটি মানবিক ও সামাজিক বার্তা। ‘নেভার মাইন্ড’-এর মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন গোপী ভগৎ। আর সংগীত ও আবহসংগীতের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় রকশিল্পী রূপম ইসলাম।



















