রাজ-পরীর সংসারে ভাঙনের সুর
- আপডেট সময় : ০৪:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত বছরের শেষ দিক থেকে বিচ্ছেদের ধ্বনি বেজেছিল জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির সংসারে। তবে ইতিমধ্যে তাদের সম্পর্ক ভালোর দিকে গেলেও গত সোমবার (২৯ মে) গভীর রাতে ফাঁস হওয়া কিছু ভিডিও এবং স্থিরচিত্রের কারণে তাদের বিচ্ছেদের সুর আরও স্পষ্ট হয়ে ওঠে।
এবার রাজের বিরুদ্ধে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন পরী। রোববার (৪ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, ‘চলতি মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছে। শুধু ছেঁড়া বললে ভুল হবে। তিনি কাবিননামা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন। তখন রাজ বললেন, এই বিয়ে তিনি মানে না। কাবিননামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙ্গে যায়? এত কিছুর পরও আমি তার পাশে থাকার চেষ্টা করেছি।
তবে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। তাঁর কথায়, ‘আর না, অনেক হয়েছে। এখন পুরোপুরি ফুল স্টপ। ঘর কার সঙ্গে করব? ঘর করার তো কিছুই নেই। ইচ্ছে থাকলেও তা আর হচ্ছে না। আমি যার সঙ্গে ঘর করব, সেই মানুষই তো নেই।’
পরী অভিযোগ করেন, ‘আমি তার (রাজ) সঙ্গে এক ছাদের নিচে থাকার অনেক চেষ্টা করেছি। হাত পা ধরে ওকে ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু সে আমার সাথে থাকতে চায় না।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাতদিন পরিচয়ের পর বিয়ে করেন তারা।

















