বিদেশ যাওয়ার অনুমতি পেল যুবলীগের বহিষ্কৃত সভাপতি
- আপডেট সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নিজস্ব পাসপোর্ট পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আদালত দুই মাসের জন্য পাসপোর্ট তার জিম্মায় দিয়েছেন। এছাড়া চিকিৎসার জন্য তাকে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সম্রাটের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।
এদিন দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলার চার্জশিট শুনানির দিন ধার্য ছিল। সম্রাটের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে ৬ জুলাই পর্যন্ত জামিন দেন। এ ছাড়া সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগের শুনানির জন্য ৬ জুলাই নতুন তারিখ ধার্য করেন।
সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী জানান, আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আমরা এখনো সংগ্রহ করতে পারিনি।এজন্য সময়ে আবেদন করি। আদালত আবেদনের সময় মঞ্জুর করেন। এছাড়া, আমরা আজকে সম্রাটের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির বিষয়ে শুনানি করেছি। দুই মাসের স্বল্প সময়ের মধ্যে পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মৌখিকভাবে যেকোনো দেশের ভিসা পাওয়ার এক মাসের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে অবৈধভাবে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

















