চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রকাশ
- আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নন্দিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় সংসদ।
বুধবার (২১ মে) সংসদে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য নন্দিত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
স্পিকার বলেন, একজন বর্তমান সংসদ সদস্য মারা গেলে তার জীবন নিয়ে আলোচনা করার রীতি আছে। এছাড়া আলোচনা সাপেক্ষে সংসদ মুলতবি করার বিধান রয়েছে।
উল্লেখ্য, আকবর হোসেন পাঠান ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৭৩ সালে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক দুটি চলচ্চিত্রে অভিনয় করেন, যেমন ‘আবার তোরা মানুষ হ’ এবং ১৯৭৪ সালে ‘আলোর মিছিলি’। তিনি আলোর মিছিল, সুজন সখী, সারেং বৌসহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০০৬ সালে বাংলাদেশ ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে (বাচসাস) চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন।
আকবর হোসেন পাঠান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।




















