‘অর্ধাঙ্গিনী’ সিনেমার নজর কেড়েছেন জয়া আহসান
- আপডেট সময় : ০৩:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। কলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত তার ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি পশ্চিমবঙ্গে ২ জুন মুক্তি পাচ্ছে। শুক্রবার মুক্তি পেয়েছে ‘অর্ধাঙ্গিনী’ ছবির ট্রেলার। ট্রেলারে নজর কেড়েছেন জয়া আহসান। প্রাক্তন এবং বর্তমান। একজন পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। জয়া ছাড়াও ট্রেলারে নজর কেড়েছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী এবং অভিনেতা কৌশিক সেন
অর্ধাঙ্গিনী’তে কৌশিক সেনের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে জয়াকে, আর চূর্ণী অভিনয় করবেন কৌশিক সেনের প্রাক্তন স্ত্রীর ভূমিকায়। প্রসঙ্গত, এই তিনজনের জীবন চলবে সমান্তরাল পথে। কৌশিক গাঙ্গুলী বলেন, দুই নারীর অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি কোনো ত্রিভুজ প্রেমের গল্প নয়।
তিন বছর আগে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং শুরু করেন জয়া আহসান। তবে করোনার কারণে তা ধারাবাহিকভাবে শেষ করা যায়নি। করোনার পর পুরো কাজ শেষ করে সিনেমা মুক্তির অপেক্ষায় ছিলেন জয়া। অবশেষে তিন বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে ছবিটি। কয়েকদিন আগে বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস।
কৌশিক গাঙ্গুলি পরিচালিত জয়া আহসানের তৃতীয় ছবি ‘অর্ধাঙ্গিনী’। এর আগে তিনি কৌশিকের নির্দেশনায় ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবিতে কাজ করেছেন।
‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও জয়া অভিনীত ‘ওসিডি’, ‘ভুতপরী’, ‘কালান্তর’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’ কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর একটি হিন্দি সিনেমার শুটিংও শেষ করেছেন জয়া আহসান। সিনেমায় তার সহ-অভিনেতারা হলেন বিখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সঞ্জনা সাঙ্ঘী এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী পার্বতী। ভারত ছাড়াও দেশেও মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার বেশ কয়েকটি ছবি। এর মধ্যে রয়েছে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ এবং পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’।















