রাশিয়ায় ভয়াবহ তুষারধস, প্রাণ গেল ১১ পর্বতারোহীর
- আপডেট সময় : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পঠিত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মাউন্ট মিঝিরগিতের এলাকায় তুষারধসটি ঘটে। ওই সময় সেখানে ৩৩ জন পর্বতারোহীর একটি দল অবস্থান করছিল।
জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত দলটির ১০ সদস্য নিজেদের প্রচেষ্টায় দুর্গম এলাকা থেকে নিচে নেমে আসতে সক্ষম হন। তবে আরও ছয়জন পর্বতারোহীর অবস্থান বা পরিণতি সে সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর নিখোঁজ ও আটকে পড়াদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। অভিযানে ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম পাহাড়ি ভূখণ্ডের পাশাপাশি নতুন করে তুষারধসের আশঙ্কা থাকায় উদ্ধারকাজে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।
উদ্ধারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই নিখোঁজ পর্বতারোহীদের সন্ধান ও হতাহতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
























