জিডিপির ৩ শতাংশে সৃজনশীল অর্থনীতি নিতে চায় সরকার
- আপডেট সময় : ০৪:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংকের ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্য অর্জন করা গেলে বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে নারীরা, সৃজনশীল অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। দেশের খাবার, গান, সংস্কৃতি, থিয়েটার, চলচ্চিত্র, ওটিটি ও অনলাইনভিত্তিক কাজকে বৈশ্বিক বাজারে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, দেশের গ্রাম-গঞ্জের গান, খাবার ও স্থানীয় সংস্কৃতিকে পণ্যে রূপান্তর করে বিশ্ববাজারে নেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এ জন্য শুধু ঋণ দিলেই হবে না; উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ডিজাইন, ব্র্যান্ডিং ও বিপণন সহায়তা দিতে হবে। থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ কর্মসূচির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সঠিক সহায়তা পেলে গ্রামের পণ্যও আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে। ফ্রিল্যান্সারদের সৃজনশীলতাকেও মূল্য সংযোজনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, এ খাতের বিকাশে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় ও রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে জানানো হয়, কর্মসংস্থান ব্যাংক ইতোমধ্যে প্রায় ১৩ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। নতুন কর্মসূচির মাধ্যমে আরও ৯ লাখ মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে। ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন তহবিলের পাইলট প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৩৫ কোটি টাকা। প্রাথমিকভাবে তিনটি জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, পরে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী একই সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ৪ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ১-২ শতাংশে নামিয়ে আনার ওপর গুরুত্ব দেন।
























