অনুপস্থিতিতে শেখ সেলিমই আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেবেন: শেখ হাসিনা
- আপডেট সময় : ০৩:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নন। দীর্ঘ ওই কথোপকথনে দেশে ফেরার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ জানান তিনি। তাঁর দাবি, দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে, যার প্রভাব ভারতেও পড়তে পারে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান, তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ এবং দুই দেশের আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিকে ‘মেটিকুলাস ডিজাইন’ হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন শেখ হাসিনা।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, তাঁর দেশ ছাড়ার ইচ্ছা ছিল না এবং তিনি মনে করেছিলেন তাঁকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে। পরে হেলিকপ্টারে সীমান্ত পার হওয়ার পর জানতে পারেন, তিনি ভারতে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন তিনি। শেখ হাসিনা বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরতে চান এবং এ জন্য ডিসেম্বরকেই বেছে নিয়েছেন, কারণ এটি বাংলাদেশের বিজয়ের মাস। তিনি জানান, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দেশে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন।

























