এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’
- আপডেট সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৪ বার পঠিত

‘গোপাল ভাঁড়’ কি বন্ধ হয়ে গেছে? নতুন পর্ব নিয়ে ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ
জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ আর দেখা যাবে না—গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। নতুন কোনো পর্ব প্রচারিত না হওয়ায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নতুন পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে সনি ৮।
চ্যানেলটির ঘোষণা অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব সম্প্রচার করা হবে। অর্থাৎ সিরিজটি শেষ হয়ে যাওয়ার যে আলোচনা চলছিল, আপাতত তার অবসান হলো।
২০১৫ সালে সনি ৮-এ যাত্রা শুরু করে ‘গোপাল ভাঁড়’। এরপর বুদ্ধিদীপ্ত কৌতুক, মজার ঘটনা ও ব্যতিক্রমী গল্পের মাধ্যমে সিরিজটি ভারত ও বাংলাদেশ—দুই দেশেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। হাস্যরসের পাশাপাশি বিভিন্ন গল্পে বুদ্ধিমত্তা, ন্যায়বোধ এবং সামাজিক নানা বিষয়ও তুলে ধরা হয়।
সিরিজটির গল্পে সাধারণত দেখা যায়, রাজ্যের বিভিন্ন জটিল পরিস্থিতিতে গোপাল তার তীক্ষ্ণ বুদ্ধি ও উপস্থিত জ্ঞান কাজে লাগিয়ে সমস্যার সমাধান করছেন। কখনো তিনি ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ভেস্তে দেন, আবার কখনো রাজা কৃষ্ণচন্দ্রকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেন।
টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও ‘গোপাল ভাঁড়’-এর রয়েছে বড় দর্শকগোষ্ঠী। তবে গত জুলাইয়ে ১ হাজার ২৬৮তম পর্ব প্রচারের পর নতুন পর্ব প্রকাশে বিরতি দেখা দেয়। টেলিভিশন ও ইউটিউব—দুই মাধ্যমেই নতুন কনটেন্ট না আসায় সিরিজটি বন্ধ হয়ে গেছে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।
এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য সেই গুঞ্জনকে আরও উসকে দেয়। ভাইরাল হওয়া ওই দৃশ্যে দেখা যায়, মৃত্যুশয্যায় থাকা গোপালকে ঘিরে স্ত্রী, নাতি-নাতনি, রাজা কৃষ্ণচন্দ্র ও রাজ্যসভার সদস্যরা কান্না করছেন। দৃশ্যটি দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো সিরিজটির গল্পের সমাপ্তি ঘটেছে। পরে জানা যায়, সেটি নতুন কোনো পর্বের দৃশ্য নয়; পুরোনো একটি পর্বের অংশ।
নতুন পর্বের প্রচার বন্ধ থাকা এবং চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা না আসায় গুঞ্জন আরও বাড়তে থাকে। এবার নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে সনি ৮ জানিয়ে দিয়েছে, ‘গোপাল ভাঁড়’ শেষ হয়ে যায়নি। বরং নতুন গল্প ও নতুন পর্ব নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজ।
























