শাহরুখ-প্রিয়াঙ্কা নয়, ‘ডন থ্রি’তে দেখা যাবে নতুন মুখ!
- আপডেট সময় : ০৬:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩০৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
অবশেষে ‘ডন’ সিরিজের তৃতীয় অধ্যায় তৈরি করছেন পরিচালক ফারহান আখতার। তবে নতুন এই সিনেমায় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে না।
এই সিনেমায় দেখা যাবে রণবীর সিং ও কিয়ারা আদভানিকে। ফারহান আখতার এক্স (টুইটার) এ একটি ভিডিও পোস্ট করে এ ঘোষণা দেন।
কিয়ারা নিজেও এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিনেত্রী এতে লিখেছেন, ‘আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং চমৎকার একটি দলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। উত্তেজনাপূর্ণা এই যাত্রা শুরু করার আগে আপনাদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।’
অন্যদিকে, একটি ভিডিও পোস্ট করে কিয়ারাকে স্বাগত জানিয়েছেন ফারহান আখতার।
তবে ডনের নতুন অধ্যায়ে কিয়ারা কোন চরিত্রে অভিনয় করবেন তা জানা যায়নি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কিয়ারা ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। অর্থাৎ রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
ডন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৬ সালে। তারপর ‘ডন-টু’ মুক্তি পায় ৫ বছর পর। দুটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ডন ফ্র্যাঞ্চাইজিটি প্রযোজনা করেছে ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট। বরাবরের মতো এবারও এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ডন ৩’।

















