এবার আইটেম নয়, অ্যাকশন গার্ল হিসেবেই সিনেমায় আসতে চায় নোরা!
- আপডেট সময় : ০৪:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
অভিনেত্রী নোরা ফাতেহির ক্যারিয়ারে বেশ কয়েক বছর পেরিয়ে গেলেও বেশিরভাগ সিনেমায় আইটেম গার্ল হিসেবেই হাজির হয়েছেন। তবে এবার সেই ঘরানা থেকে বেরিয়ে আসতে চান তিনি। নোরা ফাতেহি এবার মনে-প্রাণে চান এমন একটি ছবিতে অভিনয় করতে যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন।
নোরা পরিচালকদেরও অনুরোধ করেন যেন এমন কোনো সিনেমার জন্য যাতে তাকে বিবেচনা করা হয়। নোরার মতে, একজন নৃত্যশিল্পীকে খেলোয়াড়দের মতো ফিট হতে হয়। উভয় ক্ষেত্রেই ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ।
নোরা আরও বলেন, ‘আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচের জন্য ফিট হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি কেউ যদি আমাকে এমন একটি চরিত্রের জন্য ভাবেন তাহলে আমি নিরাশ করবো না। তাছাড়া কোনো অভিনেত্রী নিজেই আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বেরিয়ে আসতে চাই। আমি বিশ্বাস করি যে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।’
উল্লেখ্য, ‘ক্র্যাক’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নোরা। এটি মূলত একটি অ্যাকশন মুভি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুত জামওয়াল এবং অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ। দুজনেই বলিউডের অন্যতম শরীর সচেতন অভিনেতা হিসেবে পরিচিত। এই জুটির সাথে কাজ করা নোরাকে পর্দায় অ্যাকশনের দিকে একটি অতিরিক্ত উৎসাহ দিয়েছে। পুরো সিনেমায় তিনি স্টান্ট করতে চান। মারপিটের দৃশ্যে অভিনয় করবেন।

















