এমপি হতে কেন এত আগ্রহী অপু বিশ্বাস?
- আপডেট সময় : ০৭:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
ভালোবাসা দিবস উপলক্ষে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত দুটি সিনেমা ‘ট্র্যাপ’ ও ‘ছায়াবৃক্ষ’। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরের একটি রেস্তোরাঁয় ‘ট্র্যাপ’ সিনেমার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংরক্ষিত আসনে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন অপু বিশ্বাস।
তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান অপু। এ জন্য মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন বলে জানান অপু বিশ্বাস। নারীদের নিয়ে কাজ করতে চান বলেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
তিনি বলেন, জনপ্রতিনিধি নয়, প্রতিটি মা-বোনের কাছের এবং পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটা আমার মূল লক্ষ্য। এটাই আমার স্লোগান।
তিনি আরও বলেন, আমি এখন কাউকে সাহায্য করতে গেলে সবাই আমাকে প্রযোজক-অভিনেত্রী ভাববে। কিন্তু সেই পরিচয় ছাপিয়ে আমি জনপ্রতিনিধি হয়ে তাদের আস্থা ও আস্থার মানুষ হতে চাই। তাদের জন্য কাজ করতে সংসদে যেতে চাই।
অপু বলেন, রাজনীতিতে তিনি নতুন নন। তিনি বলেন, পাঁচ বছর আগে থেকেই তিনি রাজনীতিতে কাজ করছেন। ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন এই অভিনেত্রী। কিন্তু তার ভাগ্য সহায় হয়নি সেবার। তবে এবার তিনি সংরক্ষিত মহিলা আসন নিয়ে আশাবাদী।
প্রসঙ্গত, এই ঢালিউড কুইন এ বছর শুরু করেছেন সুখবর দিয়ে। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু।

















