জনগণকে হুমকি দিয়ে অবৈধ নির্বাচন করতে চাচ্ছে আ.লীগ:রিজভী
- আপডেট সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ জনগণকে জোর-জবরদস্তি করে হুমকি দিয়ে অবৈধ নির্বাচন করার চেষ্টা করছে। ‘আমরা আর মামুরা’ মিলে নির্বাচন করতে চাই। গোটা দেশ, গোটা জাতি এই নির্বাচনের বিরুদ্ধে। তারা নিজেরাই হত্যা করছে, নাশকতা করছে, মানুষ মারছে, আর যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে সেটা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা জোর করে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই অবৈধ সরকার যাতে জোর করে ক্ষমতায় না থাকতে পারে, তাদের বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন। ভোট দিতে যাবেন না, অবৈধ নির্বাচন মানবেন না।
এসময় রিজভী আরও বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে গণতন্ত্রকে হত্যা করেছে। এখন তারা ডামি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানবাধিকার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে প্রার্থী নিজেই বলেন আমি ভারতের প্রার্থী। নির্বাচনের ফলাফল ভোটের আগেই ঠিক হয়ে গেছে।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে কাফরুল থানা বিএনপি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আকরামুল হক আকরাম প্রমুখ।






















