কেন নিষেধাজ্ঞার মুখে ব্রাজিলের ফুটবল?
- আপডেট সময় : ০৭:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৩৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বড় শাস্তি পেতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও সেলেকাওকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে। ব্রাজিলের ফুটবল ফেডারেশনে দেশটির আদালত হস্তক্ষেপ করায় এমন বড় শাস্তি পেতে পারেন নেইমার-ভিনিসিয়ুসরা।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে একটি চিঠিতে ফিফা বলেছে যে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে অপসারণের পদক্ষেপ অবশ্যই থামাতে হবে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ফিফার চিঠি সত্ত্বেও রদ্রিগেজকে তাড়াহুড়ো করে সরিয়ে দেওয়া হলেও শাস্তির মুখোমুখি হতে পারে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
ব্রাজিল ফুটবল সংস্থার নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান ব্রাজিল ফুটবলের সভাপতি কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে।
ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল সংস্থায় সরকার, আদালত বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ। কোনো ধরনের সমস্যা হলে তা সমাধান করতে হবে ফুটবল সংস্থাকে।
ফিফা এবং কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন) জানিয়েছে তারা একটি কমিটি গঠন করছে। ওই কমিটি বিষয়টি দেখবে। কমিটির সদস্যরা ৮ জানুয়ারি ব্রাজিলে যাবেন। তারা সেখানে ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখবেন। ৮ জানুয়ারির পূর্ব পর্যন্ত ব্রাজিল ফুটবল সংস্থাকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে ফিফা। এটি নিশ্চিত করতে বলা হয়েছে যে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নেই। তা হলে ফিফা কঠোর ব্যবস্থা নিতে পারে এমনকি ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধও করতে পারে।




















