এবার ডার্ক প্যাটার্নের গল্পে আরিফিন শুভ!
- আপডেট সময় : ০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কিছুদিন আগে মুক্তি পেয়েছে অভিনেতা আরিফিন শুভ অভিনীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব:একটি জাতির রূপকার’। বহুল আলোচিত এই সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে। সেই ধারা এখনও চলছে।
ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। চরিত্রটি রূপায়নে প্রায় ৩ বছর আটকে ছিলেন সিনেমাটির ইউনিটে। তবে মুক্তির পর দর্শকদের প্রশংসায় এ অভিনেতার কষ্ট লাঘব হয়েছে। তাই হয়তো বারবার বলছিলেন, এমন সিনেমা করার পর আর কোনো কাজ না করলেও তার কোনো আফসোস থাকবে না। তবে সাফল্যের ধারা শেষ হওয়ার আগেই নতুন কাজে মন দিতে যাচ্ছেন আরিফিন শুভ।
সম্প্রতি ‘নীলচক্র’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন মিঠু খান। চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান শুভ। তবে কাজ শেষ করার আগে এ নিয়ে বিস্তারিত কথা বলতে নারাজ এই অভিনেতা।
আরিফিন শুভ বলেন, ‘নীলচক্রে সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন দর্শকরা। বলতে পারেন, ডার্ক প্যাটার্নের গল্পে যোগ দিয়েছি। তবে প্যাটার্নটি ডার্ক হলেও এর সঙ্গে আরও কিছু আছে।’
উল্লেখ্য, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ঘোষণামূলক পোস্টার, যেখানে রক্তের সঙ্গে প্রযুক্তির এক মিশ্রণ দেখা গেছে। সিনেমাটিতে আরিফিন শুভ ছাড়াও আরো অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি প্রমুখ।

















