বলিউড সিনেমায় শাকিব, কে হচ্ছেন তার নায়িকা?
- আপডেট সময় : ০৬:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ২৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। দেশের বাইরেও আলোচিত হয় ছবিটি। ‘প্রিয়তমা’ দিয়ে অনেকদিন পর ক্যারিয়ার উপভোগ করছেন নায়ক শাকিব খান। পারিশ্রমিকও বেড়েছে। সেই সময় ‘প্রিয়তমা’ ছবিটি যখন মাঝপথে, তখন পরিচালক অনন্য মামুন ঘোষণা করেছিলেন যে তিনি শাকিব খানকে নিয়ে একটি প্যান-ইন্ডিয়ান ছবি করবেন। ছবির নাম ‘দরদ’। শুটিং শুরু হবে বেনারসে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক।
শাকিবের নায়িকা কে এখন দুই মাস ধরেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। সময়ে সময়ে বিভিন্ন অভিনেত্রীর নাম গুঞ্জন উঠেছে- কখনও প্রাচি দেশাই, কখনও নেহা শর্মা, কখনও জেরিন খান ও শেহনাজ গিল-এর নাম। তবে শাকিবের বিপরীতে এত দিন চূড়ান্ত নায়িকা হওয়ার খবর পাওয়া যায়নি।
অবশেষে চূড়ান্ত নাম জানা গেল। বলিউডের সোনাল চৌহান হবেন শাকিবের নায়িকা। সম্প্রতি এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবিটির তিনটি প্রোডাকশন হাউসের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।
কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অশোক ধানুকা বলেন, ‘এ সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই।’
ভারতের উত্তর প্রদেশের শাহী রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় অর্ধ ডজন ছবিতে অভিনয় করেছেন। তিনি তার অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ার সহ বেশ কয়েকটি পুরস্কারও জিতেছেন।
এদিকে অশোক ধানুকা জানান, ভারতের বেনারসে আগামী ২০ অক্টোবর থেকে এই ছবির শুটিং শুরু হবে। টানা ২৫ দিন শুটিং চলবে। অনন্য মামুন ছাড়াও ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন ভারতের আরেক পরিচালক। তবে তার নাম জানা যায়নি।

















