৫৪ বছর পর চাঁদের পথে মানবযাত্রা, আজই উড়াল দিচ্ছে আর্টেমিস-২
- আপডেট সময় : ০৫:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৩১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ০১ এপ্রিল ২০২৬ ।।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার-এ শুরু হয়েছে কাউন্টডাউন। বহু প্রতীক্ষিত Artemis II mission উৎক্ষেপণের সব প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এই অভিযানে চারজন নভোচারীকে চাঁদের চারপাশ ঘুরিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ১৯৭২ সালের পর এটিই হতে যাচ্ছে মানুষের অংশগ্রহণে প্রথম চন্দ্র অভিযান।
মিশন ব্যবস্থাপনা দলের বৈঠক শেষে NASA জানিয়েছে, বুধবার (১ এপ্রিল) উৎক্ষেপণের জন্য সবকিছু প্রস্তুত রয়েছে। তবে আবহাওয়া এখনো একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, অনুকূল আবহাওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ, যদিও মেঘ ও ঝোড়ো বাতাস কিছুটা উদ্বেগ তৈরি করতে পারে।
বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উৎক্ষেপণের জন্য দুই ঘণ্টার একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব শর্ত অনুকূলে থাকলেই উৎক্ষেপণ সম্পন্ন হবে। প্রয়োজনে ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একই সময়সীমায় উৎক্ষেপণের সুযোগ থাকবে।
এর আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎক্ষেপণ সম্ভব হয়নি। মহড়ার সময় তরল হাইড্রোজেন গ্যাসের লিক এবং পরবর্তীতে রকেটের ওপরের ধাপে হিলিয়াম প্রবাহে ত্রুটি ধরা পড়ায় মিশনটি পিছিয়ে যায়।
Artemis program-এর অংশ হিসেবে পরিচালিত এই মিশনটি মানুষের চাঁদে ফেরার দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর আগে ২০২২ সালে পরিচালিত পরীক্ষামূলক মিশন আর্টেমিস-১-এ কোনো নভোচারী ছিল না।
আর্টেমিস-২ হবে এই কর্মসূচির প্রথম মানববাহী মিশন। তবে এই অভিযানে নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না; তারা চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবেন। প্রায় ১০ দিনের এই যাত্রায় মহাকাশযানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থা পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, Apollo program-এর আওতায় ১৯৭২ সালে শেষবারের মতো মানুষ চাঁদে গিয়েছিল। দীর্ঘ ৫৪ বছর পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠাতে যাচ্ছে নাসা।

















