৪৮ ঘণ্টার মধ্যে মার্কিন স্থাপনায় ইরাকি মিলিশিয়াদের বড় হামলার শঙ্কা যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ১২:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ০২ মার্চ ২০২৬ ।।
ইরাকের রাজধানী বাগদাদ-এ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিশেষ নিরাপত্তা বার্তায় জানানো হয়, শহরের কেন্দ্রস্থলে থাকা মার্কিন নাগরিক, ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, দুই দিন আগে বাগদাদের আল-সাদুন স্ট্রিট এলাকা থেকে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক শেলী কিটলসন অপহৃত হওয়ার ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে। ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহ এই অপহরণের সঙ্গে জড়িত। সতর্কবার্তায় আরও বলা হয়, এসব গোষ্ঠী মার্কিন নাগরিকদের অপহরণের পাশাপাশি হোটেল, বিমানবন্দর এবং জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাকে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ ঘাঁটিগুলোর ওপর ধারাবাহিক হামলা চলছে। এর আগে ২ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাগদাদ দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। বর্তমানে ইরাকের আকাশপথ প্রায় বন্ধ থাকায় দেশটিতে থাকা নাগরিকদের স্থলপথে জর্ডান, কুয়েত অথবা তুরস্ক সীমান্ত দিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।















