২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৩৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৯ জন ডেঙ্গু রোগী। ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (২৭ নভেম্বর) থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৫৯ জনের মধ্যে ঢাকার ২০১ জন এবং ঢাকার বাইরে ৭৫৮ জন। নিহত চারজনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ জন, ঢাকার বাইরে ৩ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৩ লাখ ৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৪৯৯ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ২ হাজার ৫৪৭ জন।
গত ২৪ ঘন্টায় ৮৮১ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২১১ জন ঢাকার বাসিন্দা এবং ৬৭০ জন ঢাকার বাইরের বাসিন্দা।
১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৮৬৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ৫৬৮ এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৯ হাজার ৩০১ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

























