২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৬৩৯।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। অন্যদিকে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৬৯ জনের মধ্যে ১২৪ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ৫৪৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ জন এবং ঢাকার বাইরে ৩ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৫ হাজার ৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৫২৮ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৬ হাজার ৫২৯ জন।
ডেঙ্গু রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৬৮৬ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন এবং ঢাকার বাইরে ৫৩২ জন।
১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৮২৫ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৩ হাজার ৯২৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

























