হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭
- আপডেট সময় : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১৯ মে ২০২৬ ।।
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন হামের উপসর্গে এবং ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১৮ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ২৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৭৩ জনের। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যার সংখ্যা ৫৪৪। এরপর চট্টগ্রামে ২৩০ জন এবং বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, যেখানে নতুন করে ৫৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে।






















