হলুদ ফুলে ছেয়ে গেছে কৃষকের সরিষা ক্ষেত, মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা
- আপডেট সময় : ০৯:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ৩৩২ বার পঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার সরিষার ক্ষেতগুলো হলুদ ফুলে ছেয়ে গেছে। জেলার বিভিন্ন অঞ্চলের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুলে। সরিষা ফুলে বসছে মৌমাছির দল। ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিদের গুঞ্জনে কৃষকের মন হয়ে উঠছে প্রফুল্ল। চাষীরা এ বছর সরিষার দাম ভালো পাবেন বলে আশাবাদী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৩ হাজার ৫’শ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষকরা। চাষিরা এবছর উচ্চফলনশীল জাতের সরিষা আবাদ করেছেন।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সদরের মোক্তাপুর ও কার্পাসডাঙ্গা সীমান্ত ইউনিয়নের কানাঈডাঙ্গার মাঠে সরিষার ক্ষেতে গিয়ে দেখা গেছে, সরিষার ক্ষেতে হলুদ ফুলের গন্ধে মাতোয়ারা আশপাশের ফসলি জমিসহ রাস্তাঘাট। অল্প সময়ের মধ্যে সরিষার হলুদ ফুলগুলো থেকে শুরু করবে দানা বাঁধা।
সরিষা চাষী মোস্তফাসহ একাধিক সরিষা চাষি এ প্রতিবেদকে জানান, তাদের লাগানো সরিষা ক্ষেতে সরিষার আবাদ মোটামুটি ভালো হয়েছে। এ চাষে খরচ কিছুটা কম হয়, তবে তুলনামূলকভাবে লাভ টাও একটু বেশি হয়ে থাকে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, সরকার কৃষিখাত ও কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে আসছেন। কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। সরকারের কৃষিবান্ধবনীতি আর নানামুখি প্রণোদনার ফলে বিগত বছরগুলোর ন্যায় দেশে অন্যান্য ফসলের মতো তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। দেশে স্বল্পকালীন উচ্চফলনশীল উন্নত জাতের সরিষার জাত উদ্ভাবনী করা হয়েছে। সরিষা চাষে চাষিরা আগামীতে লাভবান হবে বলে আশাবাদী।















