সিইও পদ খোয়ানোর পাঁচদিন পরেই ওপেনএআইয়ে ফিরলেন অল্টম্যান
- আপডেট সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৬৫ বার পঠিত

তথ্য ডেস্ক:
স্যাম অল্টম্যান ওপেনএআই-এ ফিরেছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অল্টম্যান প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ হারানোর পাঁচ দিন পরই ওপেনএআই-এ ফিরে আসেন। স্যাম অল্টম্যানকে গত শুক্রবার চ্যাটজিপিটির উদ্ভাবকের পরিচালনা পর্ষদ সেই পদ থেকে অব্যাহতি দিয়েছে।
অল্টম্যানকে সরানোর পরেই পদত্যাগের হুমকি দিয়েছিলেন ওপেনএআইয়ের কয়েকশ কর্মী। এই নিয়ে তারা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে লেখা খোলা চিঠির মাধ্যমে তারা পদত্যাগের কথা জানিয়েছিলেন। এরপরেই অল্টম্যানকে ফের আগের পদে ফিরিয়ে আনা হলো।
নতুন ঘোষণার পর, অল্টম্যান সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি আবার ওপেনএআইয়ে ফেরার দিকে এগুচ্ছি।
তিনি যোগ করেছেন, ‘আমি ওপেনআইকে ভালবাসি এবং গত কয়েকদিন ধরে আমি যা করেছি তা এই টিম এবং এর মিশনকে একত্রে রাখার সেবায় রয়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী স্যাম ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। তাকে বরখাস্ত করায় ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ ব্রোকম্যান। তিনিও প্রতিষ্ঠানটির একজন সহপ্রতিষ্ঠাতা।
স্যামকে চাকরিচ্যুত করার পর গত সোমবার ওপেনএআই-এর পরিচালনা পর্ষদের কাছে লেখা দুটি চিঠিতে শ্রমিকরা তাদের দাবি তুলে ধরেন। প্রথমত, কোম্পানির পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, সম্প্রতি বরখাস্ত হওয়া সিইও স্যাম অল্টম্যান এবং পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানকে কোম্পানিতে ফিরিয়ে আনতে হবে।


















