সমঝোতা হলে আওয়ামী লীগ কিছু আসন জোটকে ছাড় দেবে:কাদের
- আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় প্রার্থী দেবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সমঝোতা হলে কিছু আসন জোটকে ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যেখানে যা প্রয়োজন তা করবো। ১৭ তারিখের মধ্যে সবকিছু ফাইনালাইজড করা হবে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বিএনপিকে নির্বাচনে আনার কৌশল আওয়ামী লীগের নেই। তবে দলটি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ।
কাদের বলেন, আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করা। নানা মনে নানা মত থাকবে। আমরা পিসফুল নির্বাচন করে দেখিয়ে দিতে চাই ফ্রি, ফেয়ার ইলেকশনের প্রতিশ্রুতি রক্ষা করেছি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই অনেক জল্পনা-কল্পনা করছেন।এসবের অবসান হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। তারপর অনেক সমালোচনাই বন্ধ হয়ে যাবে।
আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে বিশৃঙ্খলা হবে কি-না? জানতে চাইলে কাদের বলেন, আমরা দেখছি কারা কারা চাইছে। আমাদের কৌশলগত সিদ্ধান্ত আছে। ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। এর ভেতরে আমরা পরিবর্তন, সংশোধন করতে পারবো। আমাদের কৌশলগত দিক থাকবে।
বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে তিনি বলেন, তারা আসলে আমাদের কোনো আপত্তি নেই। তারা আসলে স্বাগতম। তাদের দলের কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ৩০ তারিখে সবকিছু ঠিক হয়ে যাবে।
















