শীতকালে মাংস-ডিম নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাছ
- আপডেট সময় : ০৩:৫৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মাছ-ভাতে বাঙালি, এটা সবারই জানা। প্রায় সবাই তাদের প্রতিদিনের খাবারের কোনো না কোনো সময় মাছ খান। কেউ ছোট মাছ পছন্দ করে আবার কেউ বড় মাছ পছন্দ করে। আপনি যে মাছই পছন্দ করেন না কেন, এই শীতে তা নিয়মিত খাওয়া জরুরি।
আসলে মাংস এবং ডিমের চেয়ে বেশি মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকার বয়ে আনবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তাদের মতে, শীতকালে প্রায় প্রতিদিনই মাছ খাওয়া ভালো।
মাছ শুধু রসনাতৃপ্তি দেয় এমনটি নয়, শরীরের যত্নও নেয়। শীতকালে এমনিতেই নানা রোগ দেখা দেয়। আর মাছ শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। চলুন জেনে নিই এই সময়ে মাছ খাওয়ার উপকারিতা।
ওজন নিয়ন্ত্রণ রাখতে: শীতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ এ সময় খাওয়া-দাওয়ার ক্ষেত্রে নিয়ম একেবারেই মানতে ইচ্ছে করে না। কিন্তু মাছ খেলে তেমন ওজন বাড়বে না। কারণ মাছে রয়েছে প্রোটিন, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
হার্ট ভালো থাকবে: শীতে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। তাই হার্টের যত্ন নেয় এমন কিছু খাবার খান। সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছে মাছ। বিশেষ করে সামুদ্রিক মাছ হার্টের যত্ন নিতে খুবই দক্ষ। কারণ এই মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
পেশী শক্তিশালী করতে: পেশির ব্যথা, জয়েন্টের ব্যথা শীতে বাড়ে। তাছাড়া বয়স বেশি হলে ঠান্ডা আবহাওয়ায় এসব ব্যথা দ্বিগুণ হয়ে যায়। ব্যথার সাথে লড়াই করার জন্য আপনি মাছের উপর নির্ভর করতে পারেন। মাছের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য প্রদাহজনিত সমস্যা কমায়।
মন ভালো রাখতে: শীতকালে সূর্যের আলো কম থাকে। ফলে ভিটামিন ডি কম শোষিত হয়। ভিটামিন ডি-এর অভাবে মনের কোণে মেঘ জমতে থাকে। উদ্বেগ এবং বিষণ্নতা বৃদ্ধি পায়। আর এই সমস্যাতেও মাছ খুবই উপকারী ভূমিকা পালন করে। কারণ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে: শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা জরুরি। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। আর তার জন্য প্রতিদিন কিছু মাছ রাখা জরুরি। মাছে রয়েছে ভিটামিন ডি, যা রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। এছাড়া মাছে থাকে সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।


























