সংবাদ শিরোনাম :
শহীদ জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে খাবার বিতরণ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩১ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে গরীব, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে, ২০২৬) বিকেলে উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সিমানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আব্দুস সালাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ঐতিহাসিক ভূমিকা, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গ্রামীণ উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক, সাহসী সেনানায়ক ও গণমানুষের নেতা। তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী চেতনাকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ছিল মানবকল্যাণ, উৎপাদনমুখী উন্নয়ন এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। সেই আদর্শকে ধারণ করেই বিএনপি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, গরীব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, অভিভাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










