লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩১৩ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে গলায় ওড়না পেঁচিয়ে ফাতেমাতুজ্জহুরা সম্পা (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ ভোরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকা ইতালি প্রবাসী কাজল আহমেদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের ফ্যানের হুকের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ফাতেমাতুজ্জহুরা সম্পা। তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।















