রংপুরে র্যাব এর পৃথক অভিযানে ১৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩
- আপডেট সময় : ০৭:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

রুবেল হোসাইন, রংপুর প্রতিনিধি :
রংপুর র্যাব-১৩ এর পৃথক দুটি অভিযানে একজন নারী মাদক কারবারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় দুটি অভিযান থেকে ১৯৪৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক-৮ ঘটিকার সময় রংপুর র্যাব-১৩ ‘এর একটি অভিযানিক দল মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেনসিডিল সহ শরিফা বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করে। সে ওই গ্রামের সরু মিয়ার কন্যা। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর কিছুক্ষণ পরেই মধ্যরাতে র্যাব-১৩’ সিপিসি-২ নীলফামারী এর একটি অভিযানিক দল ডিমলা থানাধীন তিস্তা ব্যারেজ সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হুমায়ুন কবির (৩৪) এবং সৈয়দ আলী (৩৫) নামে দুই মাদক কারবারিকে ১৩২৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। আটককৃত মাদক কারবারিদের বাড়ি ডিমলা থানাধীন আদর্শপাড়া গ্রামে। এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুর র্যাব-১৩ এর পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারিরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা রয়েছে। তাঁরা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচার এবং বিক্রি করে আসছিলেন।
তিনি আরো জানান, পলাতক মাদক কারবারিদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান রয়েছে। পৃথক দুটি ঘটনায় মিঠাপুকুর এবং ডিমলা থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করলে আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।















