মির্জা ফখরুলের ৯ মামলার জামিন মঞ্জুর
- আপডেট সময় : ০৫:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নাশকতার অভিযোগে রমনা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে রাজধানীর পল্টন থানায় ৬টি ও রমনা থানায় ৩টি মামলা রয়েছে। আজ বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন এ আদেশ দেন।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে মির্জা ফখরুলকে গ্রেপ্তারসহ জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানায় দায়ের করা পৃথক ৯টি মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিমকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর রমনা ও পল্টন থানার এসব মামলায় জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশনা চেয়ে গত ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল। রিটে পল্টন থানার ৭টি ও রমনা থানার ৩টি মামলার উল্লেখ করা হয়েছে।
ফখরুলের বিরুদ্ধে এ মামলাগুলোতে জামিন আবেদন গ্রহণ করে হাইকোর্ট গত ১৮ ডিসেম্বর হাকিম আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে তখন রুলও জারি করেছিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ।
রমনা ও পল্টন থানায় দায়ের করা ১০ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত মির্জার জামিন আবেদন গ্রহণ না করায় ১৪ ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল। ১০ মামলার মধ্যে পল্টন থানার সাতটি ও রমনা থানার তিনটি মামলা রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে পল্টন থানার একটি মামলায় মির্জা ফখরুল গ্রেপ্তার হওয়ায় ৯টি মামলায় জামিন আবেদন গ্রহণ করে আইন অনুযায়ী নিষ্পত্তি করতে ম্যাজিস্ট্রেট আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।























