মিয়ানমারের ইস্যু নিয়ে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই: কাদের
- আপডেট সময় : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাত তাদের অভ্যন্তরীণ। এ নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তবে মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমস্যা সংক্রান্ত কিছু থাকলে তাদের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টি জাতিসংঘের নজরে আনবে বাংলাদেশ।
০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শুধু মিয়ানমার নয়, আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা আমাদের সিদ্ধান্ত আছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বিরোধের কোনো ইস্যু থাকলে আমি জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব। আন্তর্জাতিক ফোরাম আছে। যেহেতু জাতিসংঘ আছে, তাদেরও একটা ভূমিকা থাকবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে যা হচ্ছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাদের গোলা, মর্টার সেল এখানে আমাদের ওপর পড়ছে। আমাদের দুই নাগরিক মারা গেছে। বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হতে পারে। সিদ্ধান্ত হলে জানানো হবে।
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করে দেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময় মতো সেটা কাজে লাগান।
সাংস্কৃতিক অঙ্গনের কিছু লোক মনোনয়ন পেতে পারেন বলে আভাস দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
















