মানুষ পুড়িয়ে মারছে আ.লীগ, দায় চাপাচ্ছে বিএনপির উপর:রিজভী
- আপডেট সময় : ০২:১৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি সন্ত্রাসী দল নয় মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী দল। বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নিতে আওয়ামী লীগের লোকজন মানুষ পুড়িয়ে মারে। কয়েকদিন আগে ভোলায় বোমা বানাতে গিয়ে আওয়ামী লীগের লোকজনেরই মৃত্যু হয়। বিভিন্ন স্থানে পেট্রোল বোমাসহ যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা ধরা পড়েছে। আর দায় চাপাচ্ছে বিএনপির উপর।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।
টঙ্গীর তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উওরা সেক্টর ১২ ও ১৩ নম্বর মোড়ে স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের মধ্যে রিজভীর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
৭ জানুয়ারির নির্বাচন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে হবে, এটা একতরফা, অবৈধ ও ভাঁওতাবাজির নির্বাচন। তিনি ডামি নির্বাচনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর জন্য এবং নির্বাচন ভয়কট করতে সবাইকে আহবান জানান।
রিজভী বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে ক্ষমতাসীন দলের লোকজন বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে দিয়েছে এবং এর দায় বিএনপি নেতাকর্মীদের ওপর চাপিয়েছে এবং মিথ্যা মামলা দিয়েছে।এখনও আদালতকে হুকুম দিয়ে গণহারে সাজা দেয়া হচ্ছে। আসলে প্রধানমন্ত্রী বিরোধীদলকে নির্মূল করে চিরদিন ক্ষমতা আকঁড়ে রাখেতে চান। কিন্তু জনগণ তা হতে দেবে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনীতি বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা জামান, আমান উল্লাহ আমান, হারুনুর রশিদ খোকা, আবদুস সালাম, জহিরুল ইসলাম, চান মিয়া, বিপ্লব, সোলেমান, রিপন হাসান, মতি মিয়া, ইসকান্দর, সোহেল রানা, রাতুল, আমিরুল, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, ডা. মুনতাসির, আশরাফুল আসাদ প্রমুখ।






















