বিএনপি কোথায় সমাবেশ করবে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ২৮ অক্টোবর ঢাকার প্রবেশপথ বন্ধ করা হবে না। এখন পর্যন্ত অনিবন্ধিত দল জামায়াতসহ কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ করলে বিএনপিকে বাধা দেওয়া হবে না। তবে বিএনপি কোথায় সমাবেশ করবে সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন ডিএমপি কমিশনার।
বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির সাধারণ সভার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে জনগণের জানমাল রক্ষায় অর্পিত দায়িত্ব পালন করবে র্যাব। ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।’
সরকার পতনের বিষয়ে বিএনপির হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, সরকার তো এমন কোনোকিছু না যে ধাক্কা দিলে পড়ে যাবে। এদেশে গণতান্ত্রিক সরকার আছে। ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’
জামায়াতের সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জামায়াতকে সমাবেশ করার অনুমতি হয়নি।’
তিনি আরও বলেন, ‘তারা (জামায়াত নেতারা) যদি সমাবেশের নিয়মকানুন মেনে চলে তাহলে তারা সমাবেশ করতে পারে। এখন তারা যদি জ্বালাও-পোড়াও কর্মসূচি নেয়, তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।’
পুলিশের মতো আনসার সদস্যদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এখানে আমি শুনতে পাচ্ছি আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো টোটালি মিসইনফরমেশন। এগুলো প্রপাগান্ডা। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়নি, দেওয়া হবে না।’























